নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘এখন অতীব জরুরি নির্বাচন কমিশন পুনর্গঠন করা, অতীব জরুরি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করা। কারণ এ দুটি প্রতিষ্ঠানে বিগত সরকারের সুবিধাভোগীদের বসিয়ে রাখা হয়েছে।’ গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ সংগ্রহ কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির নীতিনির্ধারণী ফোরামের এ নেতা এমন অভিযোগ করেন।

শেখ হাসিনার শাসনামলে গঠিত নির্বাচন কমিশন তাদের তল্পিবাহক ছিল অভিযোগ করে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন এ দেশের বিগত রেজিম যেটি ছিল, সেটি পাকাপোক্ত করার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে, সেটি হলো এ ভুয়া নির্বাচন কমিশন। তারা দলদাস তল্পিবাহক একটি কমিশন। ওই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের গঠন করা নির্বাচন কমিশন আজ বহাল তবিয়তে বসে আছে। যারা গত ৭ জানুয়ারি আমি আর ডামির নির্বাচন করেছে, যারা একসময়ে দিনের ভোট রাতে করেছে, যারা একসময়ে বিনা ভোটে এমপি উপহার দিয়েছে। এ তিনটা নির্বাচন কমিশন আমরা এ রকমই দেখেছি। বর্তমান এ কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। আমি মনে করি, এ নির্বাচন কমিশনের বোধোদয় হওয়া উচিত। জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এ সরকারকে সুযোগ দেয়া উচিত নতুন নির্বাচন কমিশন গঠনের।’