নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে আরকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি গার্মেন্ট কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন। গতকাল বিকালে নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে পাওনা পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দেন। পরে তাদের আশ্বাসে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেন।
পুলিশ ও শ্রমিকরা জানান, জানুয়ারির বকেয়া বেতন বৃহস্পতিবার দেয়ার কথা থাকলেও শ্রমিকরা জানতে পারেন সম্পূর্ণ বেতন ও ওভারটাইমের টাকা কর্তৃপক্ষ পরিশোধ করতে পারবে না। ফলে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের আশ্বস্ত করে তারা।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা জানান, আরকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি গার্মেন্ট কারখানায় ৩০০-৪০০ শ্রমিক কাজ করেন। তারা একসঙ্গে বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবি করলে মালিক পক্ষ শুধু বেতন দেয়ার কথা জানায়। এটি তা না মেনে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।










