মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আবুল বাশার মোল্লা (৮৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আবুল বাশার মোল্লা মুন্সিগঞ্জ সদরের একই এলাকার মৃত জলিল মোল্লার ছেলে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত বৃদ্ধ ছাড়াও মোটরসাইকেল চালক আহত হয়েছেন। মৃতের পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।










