মৌলভীবাজারের বড়লেখায় পাখি শিকারিদের দেয়া বিষটোপ খেয়ে এক খামারির ২৫০ হাঁস মারা গেছে। গত শুক্রবার উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরের পোয়ালা বিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খামার মালিক আলী হোসেন শুক্রবার বিকালে উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের ফয়জুর রহমানসহ পাঁচজনের নাম উল্লেখ করে বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের আলী হোসেন ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি হাঁসের খামার তৈরি করেন। খামারে তার ৪৫০টি হাঁস আছে। হাওরে তিনি ঘর তৈরি করে হাঁস পালন করেন। অভিযুক্তরা হাকালুকি হাওরে আসা অতিথি পাখি শিকারের জন্য বিষটোপ পেতে রাখেন। ওই বিষটোপ খেয়ে তার ২৫০টি হাঁস মারা গেছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বিষটোপ খেয়ে এক খামার মালিকের ২৫০ হাঁস মারা গেছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।










