মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। আজ বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিখাতে দুদেশের বাণিজ্য সম্ভাবনা ও বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত ব্রাজিল থেকে মাংস আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করলে মন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের আগে দেশে প্রয়োজনীয় অবকাঠামো, সংরক্ষণব্যবস্থা এবং কোল্ড চেইন আরো উন্নত করা জরুরি। তিনি বলেন, ব্রাজিল সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পাওয়া গেলে তা অংশীজনদের সঙ্গে আলোচনা করে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেয়া হবে।

মন্ত্রী বাংলাদেশে নিরাপদ, মানসম্মত ও আন্তর্জাতিক মানের মাংস উৎপাদন নিশ্চিতে ব্রাজিলকে বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে উন্নত প্রযুক্তিনির্ভর মানসম্মত মাংস উৎপাদন যেমন সম্ভব হবে, তেমনি উৎপাদিত মাংস আন্তর্জাতিক বাজারে রফতানির পাশাপাশি দেশের স্থানীয় বাজারেও সরবরাহ করা যাবে।

বৈঠকে স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি (এসপিএস) সার্টিফিকেশন—অর্থাৎ প্রাণিস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও উদ্ভিদস্বাস্থ্যসংক্রান্ত আন্তর্জাতিক মানপত্র নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষ প্রাণিসম্পদ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের সম্ভাবনার কথা তুলে ধরে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান ও ব্রাজিল মিশনের উপপ্রধান মি. লিওনার্দো জানুজ্জি ছিলেন।