মৌলভীবাজারের বড়লেখায় পৌরসভা নির্বাচনের প্রচারণা শেষে নৌকার মিছিল নিয়ে বের হওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ সাতজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে বড়লেখায় পৌরসভা নির্বাচনের প্রচারণা শেষে নৌকার মিছিল নিয়ে বের হওয়াকে কেন্দ্র করে বড়লেখা পৌর শহরের পাখিয়ালা চৌমোহনা এলাকায় দুই পক্ষ বিরোধে জড়ায়। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের ওপর ছাত্রলীগ নেতা শিমুল আহমদের নেতৃত্বে হামলার অভিযোগ করা হয়। এ হামলার খবরে পাখিয়ালা এলাকায় ছাত্রলীগের কর্মীরা জড়ো হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

 বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান বলেন, শান্তিশৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিতে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে বড়লেখা সরকারি কলেজ পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বেলা ২টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।