লক্ষ্মীপুরের রামগঞ্জে আবুল বাশার (৫৫) নামে এক ব্যক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী কোহিনুর বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিঘির পাড় এলাকার ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবুল বাশার মৃত হাবিব উল্যার ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন। বাকি আটকরা হলেন নিহতের মেয়ে রাফা আক্তার ও পুত্রবধূ দিপা আক্তার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আবুল বাশার দীর্ঘদিন সৌদি আরব ও ওমান প্রবাসী ছিলেন। ৬ বছর আগে তিনি বাড়িতে আসেন। বিদেশ থেকে আসার পর তিনি জানতে পারেন প্রতিবেশী বিল্লাল হোসেন দিলু নামের একজনের সঙ্গে তার স্ত্রী কোহিনুরের পরকীয়ার প্রেমের সম্পর্ক রয়েছে। তখন থেকেই তাদের মধ্যে কলহ শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হত। ঘটনার দিন কোহিনুর বাশারকে পাশের বাড়ি থেকে ধান আনতে বলে। এনিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে কোহিনুর একটি বাঁশের লাঠি নিয়ে তাকে আঘাত করে।এতে বাশার অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতাল নেয়ার আগেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত বাশারের ভাতিজা বাহার উল্যাহ জানান, বাঁশের আঘাতে তার চাচা অচেতন হয়ে পড়েন। সেখানেই তিনি মারা যান। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তিনি।
লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে।










