ভারতে আটক ৯০ জন বাংলাদেশী জেলে ও নৌকর্মী দেশে ফিরেছেন। তাদের চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ কোস্টগার্ডের জেটিতে আনা হয়। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে একটি বন্দী বিনিময় কর্মসূচির অংশ হিসেবে এ বাংলাদেশীদের ফিরিয়ে আনা হয়। গত রাতে এফবি লায়লা-২ ও এফবি মেঘনা-৫ নামের দুটি নৌযানসহ তাদেরকে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের জেটিতে আনা হয়।

এর আগে, গত ৯ ডিসেম্বর ভারতের কোস্টগার্ড সাগরে মাছ ধরার সময় আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগে দুটি নৌযানসহ ৭৮ জন বাংলাদেশী জেলে ও নৌকর্মীকে আটক করে। এছাড়া ডুবে যাওয়া একটি ট্রলার থেকে আরো ১২ জনকে উদ্ধার করা হয়। অন্যদিকে, গত অক্টোবরে বাংলাদেশের কোস্টগার্ড ভারতীয় ৯৫ জন জেলে ও ৬টি নৌযান আটক করেছিল। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন জহিরুল হক বলেন, দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে এই বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। গত রোববার আন্তর্জাতিক সমুদ্রসীমানায় দুই দেশের কর্মকর্তারা আটক জেলে ও নৌকর্মীদের হস্তান্তর করেন। এরপর তাদের চট্টগ্রামের পতেঙ্গায় আনা হয়। পরে তাদের পরিবারের কাছে তুলে দেয়া হয়।