কারাবন্দি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক আইডির একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

তবে কারা কর্তৃপক্ষ বলছে, কারাগার থেকে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, Faruk Khan নামক জনৈক ব্যক্তির ফেসবুক আইডির একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তা কারাগারে আটক সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান কর্তৃক প্রচার করা হয়েছে মর্মে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করছে যে কারাগার থেকে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়।

এতে বলা হয়, তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জে আটক আছেন। কারাগারে আটক কোনো বন্দির পক্ষে মোবাইল ফোন ব্যবহারের কোনো সুযোগ নেই বিধায় বর্ণিত আইডিটি সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান কর্তৃক কারাগার থেকে পরিচালনা করা সম্ভব নয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অন্য কেউ বা তার আত্মীয়-স্বজন কর্তৃক Faruk Khan নামের আইডিটি পরিচালনা করছে কিনা তা অত্র দপ্তর অবগত নয়। বিষয়টি অনুসন্ধান পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে।