পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক দালালসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মাগুরমারী বিওপির একটি বিশেষ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৭টায় পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫), শ্রী ভূমি রানী ওরফে শ্রেয়া (০৭) ও সাদ্দাম (৩০)

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাগুরমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪২/৯-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে অভিযানের সময় দালাল চক্রের আরো ৮ সদস্য পালিয়ে যায়।

এ সময় জব্দ করা হয়েছে কাঁটাতারের বেড়া কাঁটার ১টি প্লাস, ব্যক্তিগত ২টি মোবাইল ফোন, রুপার নুপুর ১ জোড়া ও বাংলাদেশী নগদ ২০ হাজার ১৬০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাদ্দাম স্বীকার করেছেন, ৩০ হাজার টাকার বিনিময়ে তিনি বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ব্যবস্থা করছিলেন।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা ও চোরাচালান, অবৈধ মাদক রোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দালালসহ তাদের আটক করা হয়। তবে আটককৃতরা কেন ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন তা এখনো জানা যায়নি।