খুলনা বিভাগে ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের দশ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৫৮ জন। আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় মারা গেছেন দুজন। চলতি বছরের এই প্রথম এক দিনে দুজনের করোনায় মৃত্যুর ঘটনা ঘটল।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা ১৫৮ জন ।  শনাক্তের হার ১৫ দশমিক ৭৩ । আগের দিন এ হার ছিল ১৫ দশমিক ৫৯। আক্রান্তের মধ্যে রয়েছেন খুলনা জেলায় সর্বোচ্চ ৫০ জন । এছাড়া যশোরে ৩৩, কুষ্টিয়ায় ২৯, ঝিনাইদহে ২৮ চুয়াডাঙ্গায় ৬, নড়াইল, বাগেরহাট ও মাগুরায় তিনজন করে; সাতক্ষীরায় দুইজন, মেহেরপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে খুলনায় ৫০, যশোরে ৩৩, ঝিনাইদহে ২৮, কুষ্টিয়ায় ২৯, চুয়াডাঙ্গায় ৬, সাতক্ষীরায় ২, নড়াইলে ৩, বাগেরহাটে ৩, মেহেরপুরে ১ ও মাগুরায় ৩ জন করে রয়েছেন। বিভাগের মধ্যে ঝিনাইদহে শনাক্তের হার সর্বোচ্চ ৩৩ দশমিক ৭৩। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪১৮ জনের। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৪৭ জন। করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ৩ হাজার ১৯৭ জন।

খুলনা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০২১ সালের মার্চ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়ে প্রতিদিনই করোনা শনাক্তের হার ৫ শতাংশের ওপরে ছিল। গত বছরের ২২ সেপ্টেম্বর শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামে। এরপর থেকে ডিসেম্বর পর্যন্ত শনাক্তের হার আর পাঁচের ওপরে ওঠেনি।

সপ্তাহ দুয়েক আগে থেকে শনাক্তের হার ও সংখ্যা বাড়তে থাকে। ১৩ জানুয়ারি পর্যন্ত শনাক্তের হার ১০ শতাংশের নিচে ছিল। ১৪ জানুয়ারি থেকে শনাক্তের হার ১০ শতাংশের ওপরে ওঠে। শেষ তিন দিন শনাক্তের হার ১৫ শতাংশের ওপরে।

খুলনা জেলা প্রশাসক মো.মনিরুজ্জামান তালুকদার বলেন, সারা দেশের মতো খুলনায়ও সংক্রমণ বাড়ছে। সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। ঘর থেকে বের হলে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণসহ মাস্ক ব্যবহার করতে হবে।