লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। চলতি বছরের গত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘গত জুলাই মাসে বৈঠকটি হয়েছে। এটি একটি কূটনৈতিক সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। সেখানে চলমান বিষয়াদি নিয়েই কথাবার্তা হয়েছে।’

জানা গেছে, একান্ত এ বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠনে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনী রূপরেখা নিয়ে দলটির ভাবনা কী—এমন সব মৌলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন তারা। এ বিষয়ে হুমায়ুন কবীর বণিক বার্তাকে বলেন, ‘ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচনে বিএনপির অংশগ্রহণ কেমন হবে, দেশের উন্নয়নে তারেক রহমানের চিন্তা ইত্যাদি বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছিল। এটি পুরোপুরি সৌহার্দমূলক সাক্ষাৎ ছিল।’

এর আগে গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।