নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে গলিত লোহায় দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বরপা এলাকায় অবস্থিত প্রিমিয়ার স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। মৃত শ্রমিকরা হলেন, মিজানুর রহমান (৩৫) ও ফাহিম (২৫)।
নিহত মিজানুর রহমান চুয়াডাঙ্গা জেলার আলোদিয়ার বাজার এলাকার শাহজাহান মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন একই কারখানার শ্রমিক শাকিল, রফিক মিয়া, রাজু ও আবু সিদ্দিক।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কাজ করার সময় গলিত লোহা ছিটকে ছয়জন শ্রমিক দগ্ধ হন। আহত অবস্থায় ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মিজানুর রহমান ও ফাহিমের মৃত্যু হয়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গলিত লোহায় দগ্ধ হয়ে দুইজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানতে পেরেছি। ঘটনার পর থেকে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। শ্রমিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তবে এ দুর্ঘটনার পেছনে কারো গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। কারো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।










