বাংলাদেশের  অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনন্দন বার্তা জানান তিনি।


পোস্টে তিনি লিখেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে।


বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক - এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক,  মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো।


শান্তি কামনা করে পোস্টে তিনি আরো বলেন, আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকবো।