রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি খাদে পড়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে শিজকছড়া নামক স্থানে পর্যটকবাহী চাঁদের গাড়ির চাকা পাংচার হয়। এর ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা পাঁচ শিক্ষার্থী মাথায় আঘাত পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটির সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মাহমুদুল হাসান বলেন, সাজেক থেকে তিন কিলোমিটার দূরে তিন রাস্তা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় জানা যায়নি।