চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন, তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের কানসাট-চৌডালা রোডের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের মধ্যে রয়েছেন—সজিব, আল-আমিন, রবিউল, আসিব, জাহিদ এবং আরো একজন। সবাই শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলে মারা গেছেন। আহত হয়েছেন ছয়জন। দুর্ঘটনা নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।













