আগামী ৩০, ৩১ মার্চ ও ১ এপ্রিল তিন দিনব্যাপী স্বাধীনতা কবিতা উৎসব ২০২২ অনুষ্ঠিত হবে। গতকাল কক্সবাজার প্রেস ক্লাবে
আয়োজিত সংবাদ সম্মেলন এ ঘোষণা দেয়া হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’
কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে এ উৎসব দুটি ভেন্যুতে হওয়ার কথা জানান উৎসব বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক সাংবাদিক আজাদ মনসুর। স্বাধীনতা কবিতা উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন সম্মিলিত নাগরিক ফোরাম ও উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি শিল্পোদ্যোক্তা রেজাউল করিম সিকদার।
এ উৎসবের উদ্বোধনী পর্ব ৩০, ৩১ মার্চ ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয় ও সমাপনী পর্ব ১ এপ্রিল কক্সবাজারের হুদা কবিতামঞ্চে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফোরামের সাধারণ সম্পাদক কাফি আনোয়ার।
এ সময় কবিতা উৎসবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কক্সবাজার সাহিত্য একাডেমির সহসভাপতি, মো. নাছির উদ্দিন, কবি কামরুল হাসান, কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আবছার কামাল, সমন্বয়ক নজরুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক এহছান উল্লাহ, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন রবিন ও ভোক্তা অধিকারবিষয়ক সম্পাদক আবুহেনা সাগর প্রমুখ।










