শ্রমিকদের মারধর ও হুমকি-ধামকি দিয়ে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলুসহ আটজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এতে আরো ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। শনিবার দুপুরে খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শাখা-১-এর উপসহকারী প্রকৌশলী মো. হাসনাতুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।

ডুমুরিয়া থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, শ্রমিকদের মারধর ও সরকারিকাজে বাধা দেয়ার ঘটনায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেছেন পাউবোর এক কর্মকর্তা।

এজাহারে তিনি আরো ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করেছেন। তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাউবোর অধিগ্রহণ করা জেএল ৭৫নং ডুমুরিয়া মৌজার ৮৩, ১৩৪, ১৪১, ১৪২, ১৪৩ ও ১৪৭ দাগের জমি ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু দীর্ঘদিন অবৈধভাবে ভোগ-দখল করে আসছেন। শনিবার সকালে ওই জমিতে পাউবো কর্মকর্তারা শ্রমিকদের নিয়ে সীমানা পিলার নির্মাণের জন্য গেলে ইউপি চেয়ারম্যান বুলু ও তার সহযোগীরা শ্রমিক রবিউল ও সাইফুলকে মারধর করে। এ সময় তারা সরকারি কাজে বাধা দেন।

ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু বলেন, আমি বা আমার কোনো সহযোগী কাউকে মারধর বা গালাগাল করেনি। আমার বিরুদ্ধে পাউবোর জায়গা অবৈধভাবে জবর-দখলের অভিযোগও সঠিক নয়। ওই জমি আমি বৈধভাবে অবমুক্ত করে নামপত্তনসহ সরকারি কর-খাজনা দিয়ে ভোগদখল করেছি। বিষয়টি নিয়ে খুলনার সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান। অথচ পাউবো এরই মধ্যে আমার ওই জায়গায় নির্মিত স্থাপনা ভেঙে দিয়েছে।