কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী বন্দর চ্যানেলের মুখে টাগশিপডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিহত চীনা নাগরিকের নাম জিয়াং হং চেন (৫২)। গতকাল দুপুর সাড়ে ১২টায় নির্মিতব্য মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পসংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চীনা নাগরিক মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান পস্কোর সাব ঠিকাদারি প্রতিষ্ঠান চীনা হাইড্রো কোম্পানিতে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, গত ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন চ্যানেলের মুখে টাগশিপডুবির ঘটনা ঘটে। এরপর থেকে নিখোঁজ ছিলেন চীনা নাকরিক জিয়াং। গতকাল দুপুরে তার মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ডের ডুবুরিরা।