নাটোরের লালপুরে আব্দুলপুর রেলস্টেশনে কমিউটার ট্রেনে ওঠার সময় নুরুজ্জামান ইন্তাজ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থী নুরুজ্জামান ইন্তাজ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। নিহত ইন্তাজ পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার আইনজীবী ইসাহাক আলীর ছেলে।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার শেখ জিয়াউদ্দিন বাবলু জানান, শনিবার সকাল ৮টার দিকে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে এসে থামে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুজ্জামান ইন্তাজ কিছু কেনার জন্য ট্রেন থেকে নামেন। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দিলে দৌড়ে দ্রুত ট্রেনে ওঠার চেষ্টা করেন ইন্তাজ। এ সময় হাত ফসকে  পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি।