খুলনা নগরীর খালিশপুরে চিত্রালী সুপার মার্কেটে নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে আব্দুল্লাহ নামে সাত বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। নিহত আবদুল্লাহ খালিশপুর সুপার মার্কেট এলাকার রাজমিস্ত্রি আবুল কালাম হাওলাদারের ছেলে। এ ঘটনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক খোলা রাখাকেই দায়ী করছেন স্থানীয়রা।

খালিশপুর থানার ওসি কামাল হোসেন খান জানান, খালিশপুর সুপার মার্কেট এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে আব্দুল্লাহ শুক্রবার বিকালে বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। রাতে তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। গতকাল সকালে চিত্রালী বাজারে সেপটিক ট্যাংকের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তারা মরদেহ তুলে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।