জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান। একই সঙ্গে পদত্যাগ করেছেন আবু হাসান নিজেও।

বুধবার (৭ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন এর কাছে পদত্যাগপত্র পাঠান নূরুল আলম। রেজিস্ট্রার জানান, উপাচার্য মো. নূরুল আলম ব্যক্তিগত ও পারিবারিক কারণে আজ দুপুরে পদত্যাগপত্র মেইল করেছেন। আমি সব আনুষ্ঠানিকতা শেষে সেটি মহামান্য রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের দফতরে পাঠিয়েছি।

এদিকে রেজিস্ট্রার আবু হাসান নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে জানান, আমি পারিবারিক কারণে পদত্যাগ করছি। উপাচার্যের বিশেষ অনুরোধে আজ ভার্চুয়ালি সিন্ডিকেট সভা পরিচালনা করতে হয়েছে। এরপরই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।

মো. নূরুল আলম ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর পরবর্তী চার বছরের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ে তার বাসভবনে প্রবেশ করে আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালায়। ওই সময় নিজের ভূমিকার জন্য সমালোচিত হন নূরুল আলম। শেখ হাসিনা সরকারের পতনের পর তারও পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থী ও শিক্ষকরা।