ঘন কুয়াশায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আরিচা-কাজিরহাট নৌরুটে প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর সকাল ৯টায় ও পাটুরিযা-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী জানান, ঘন কুয়াশায় শুক্রবার দিবাগত রাত ১২টার দিক ঘন কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ নদীতে বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বাইগার নামে দুইটি ফেরি নোঙর করে রাখা হয়।৷ এছাড়া পাটুরিয়াঘাটে ৪টি ও দৌলতদিয়াঘাটে অপর ৬টি ফেরিকে আটকিয়ে রাখা হয়েছে।
এদিকে, রাত দেড়টায় যমুনা নদীর পুরো নৌপথ ঢেকে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। মাঝ নদীতে আটকে পড়ে খান জাহান আলী নামে একটি ফেরি। এ সময় অপর ৪টি ফেরি দুইঘাটে আটকে রাখা হয়।
প্রসঙ্গত, দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে চার শতাধিক পণ্যবাহী ট্রাক। বাকিগুলো যাত্রীবাহী বাস, প্রাইভেটকার-মাইক্রোবাস।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় অগ্রাধিকার ভিত্তিত্বে যাত্রীবাহী বাস পারাপার করে পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন পারাপার করা হবে বলে জানান ওই কর্মকর্তা।










