খুলনায় পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে পিটিয়ে হত্যা, গাড়ি পোড়ানো ও নাশকতার ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা অন্তত সাত হাজার জনকে আসামি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গত শুক্রবার রাতে লবণচরা থানায় একটি মামলা করে। এছাড়া গতকাল হরিণটানা ও সদর থানায় আরো দুটি মামলা করেছে পুলিশ।

লবণচরা থানার ওসি মমতাজুল হক জানান, পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে পিটিয়ে হত্যা ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে লবণচরা থানার এসআই মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় অজ্ঞাতপরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

হরিণটানা থানার ওসি মনিরুল ইসলাম জানান, পুলিশ সদস্যদের আহত ও নাশকতার অপরাধে হরিণটানা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে গতকাল মামলাটি দায়ের করে। এ মামলায় অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। এছাড়া পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় খুলনা সদর থানায় আরো একটি হয়েছে বলে জানান ওসি কামাল হোসেন। এ মামলায় ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর আগে গত শুক্রবার বেলা ২টায় খুলনা নিউমার্কেট এলাকা থেকে পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল শুরু হয়। আন্দোলনকারীরা মিছিলটি নিয়ে গল্লামারী মোড়ে পৌঁছায়। এর পরই পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে আরো কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে এলে পুলিশ পিছু হটে। একপর্যায়ে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নেয়। সেখান থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে আবারো সংঘর্ষ হয়। বিকালে প্রতিবাদী গান শেষে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিববাড়ী যেতে চাইলে বাধার মুখে ফের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কনস্টেবল সুমন ঘরামী পিটুনিতে নিহত হন।