কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরীণ বিরোধের জেরে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আলমগীর (২২)। তিনি ডি ব্লকের বাসিন্দা, মৃত মোহাম্মদ হারেছের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এপিবিএন ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক নূরে আযম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীরের সঙ্গে একই ক্যাম্পের সি ব্লকের রোহিঙ্গা সন্ত্রাসী নুরুল আলমের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল আলম তার কাছে থাকা ওয়ান শুটার গান দিয়ে আলমগীরের বুকে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আলমগীরকে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ক্যাম্প এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।