নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষদিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন।’

গতকাল বিকালে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে আয়োজিত সুধী সমাবেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় হুমায়ূন কবির বলেন, ‘আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে।’

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সম্প্রতি তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ইত্যাদি বিষয় উঠে এসেছে।’

এর আগে সুধী সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ। সমাবেশে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।