সারা দেশে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ট পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে ১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৫৫ শিশুর। আর হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৬ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৭০ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬৯জন শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে ঢাকা বিভাগের ১ জন এবং হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রামে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ শিশু মারা গেছে।
সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৬৩ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৬ জন শিশু এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি ৪৪০ জন শিশুই ঢাকা বিভাগের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১ হাজার ১৩৬ জন শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের ৪৬৬ শিশু রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ৫৪ হাজার ৪১৯ জন শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯ হাজার ১৬০ জন শিশু। তাদের মধ্যে ৭ হাজার ৩০৫ শিশুর হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৩৪ হাজার ৯৬৮।










