নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের শখেরগাঁও এলাকা থেকে রেশমা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার দুপুরে পুলিশ ওই ছাত্রীর নানা বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ঘটনাটি আত্মহত্যা। রেশমা আক্তার একই এলাকার মৃত রফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও রেশমার স্বজনরা জানায়, রেশমা আক্তারের বাবা জীবিত নেই। মা প্রবাসী। রেশমা তাই নানার বাড়িতেই বসবাস করছে। আজ সকালে ঘরে ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা  পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ছাত্রীর সঙ্গে অন্য কারো প্রেমের সর্ম্পক ছিল। পরিবার তার ইচ্ছের বিরুদ্ধে অন্যত্র বিয়ে ঠিক করায় অভিমান করে আত্মহত্যা করেছে। তারপরও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।