আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ থেকে কারাবন্দিদের জন্য ডাকযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিকের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিতে প্রতিটি কারাগারে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হবে।

ইসি আরো জানিয়েছে, ডাকযোগে ভোটগ্রহণের প্রতিটি ধাপ সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। কারাগারের ভেতরে ভোটগ্রহণের সময় নিরাপত্তা ও ভোটের গোপনীয়তা বজায় রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে কারাবন্দিদের এ ডাকযোগে ভোটগ্রহণকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানিয়েছে, এরই মধ্যে প্রায় ৩ লাখ প্রবাসী ভোটারের ব্যালট দেশে পৌঁছেছে। পাশাপাশি মাঠপর্যায়ে ব্যালট পাঠানোর কার্যক্রমও শুরু হয়েছে।