কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের একদিন পর কামাল হোসেন (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামাল হোসেন রাজাপালং ইউনিয়নের বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন। তিনি একই এলাকার সিদ্দিক আহমদের ছেলে।

উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দুর্জয় সরকার জানান, দুপুর ১টার দিকে স্থানীয়রা মনখালী খালে একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১১টার পর তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মঙ্গলবার দুপুরে তার মরদেহ খালে ভেসে ওঠে। স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন।

দুর্জয় সরকার বলেন, কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।