ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, তারা ঘটনাস্থলে এসেছেন। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এর আগে, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। পানির ট্যাংকির সামনে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তার গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে পরিবারের সদস্যরা শুক্রবার বিকালেই ঢাকায় রওনা হন।