নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে খাদিজা নিপা (৩৯) ও সায়মা আক্তার (৪০) নামে দগ্ধ দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরো দুজন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

গত শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার আড়াইহাজার বাজার এলাকায় পাঁচতলা ভবনের চারতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। বার্ন ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল কানিজ খাদিজা নিপা ও সায়মা আক্তার মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, নিপা ও সায়মা উভয়ের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। তাদের মধ্যে নিপা সকালে ও সায়মা দুপুরে মারা যান। দগ্ধ দুজন হলেন—নিপার মা হাসিনা মমতাজ (৫৫) ও সায়মার স্বামী সোহান তালুকদার (৪৫)।

ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধ দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে সোহানের শরীরের ১০০ ভাগ ও হাসিনার ৫৫ ভাগ দগ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহ্জাহান হোসেন বলেন, ‘ফ্ল্যাটের ভেতর তিনটি কক্ষ, মাঝখানে রান্নাঘর। ঘরে তিতাসের গ্যাসের লাইন ও গ্যাস সিলিন্ডার দুটোই ছিল। তবে সিলিন্ডারটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’