নাটোরের বড়াইগ্রামে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে দশম শ্রেণীর এক ছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল বেলা ২টার দিকে উপজেলার সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষার্থী নাটোর সদর উপজেলার বাসিন্দা।

ভুক্তভোগী ছাত্রীর অভিযোগে জানা যায়, অনেক দিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল অভিযুক্ত শিক্ষার্থী। কয়েকদিন আগে সে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য ওই ছাত্রীকে বলে। কিন্তু সে যেতে না চাইলে আত্মহত্যা করার কথা বলে আটক ছাত্র। পরে ওই ছাত্রী রাজি হলে তার বাড়ি না নিয়ে বন্ধুর বাড়ি নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে অভিযুক্ত। শুক্রবার সেই ভিডিও দেখিয়ে পুনরায় তাকে নিয়ে যেতে চাইলে তার সহপাঠীরা তাকে আটক করে রাখে। গতকাল স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মীমাংসার জন্য মিটিংয়ে বসে। খবর পেয়ে মিটিং চলা অবস্থায় পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, পুলিশ হেল্পলাইন ৯৯৯ নম্বরের সংবাদে একজনকে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গতকাল বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।