বেলা বাড়ার সঙ্গে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে। আজ সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার ভোট কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন।

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন ৬৬ বছর বয়সী মো. শফিউদ্দিন। তিনি বলেন, ‘২০০৮ সালের পর আর ভোট দিতে পারিনি। ভোট দিতে পেরে অনেক খুশি। ভোট সুন্দর হচ্ছে। সন্দেহজনক কিছু দেখিনি।’

ফারুক হোসেন নামের আরেক ভোটার বলেন, ‘ভোটের পরিবেশ ভালো। আগেও তিনবার ভোট দিয়েছি। সেসময় নানা সমস্যা দেখলেও এবার এখনো কিছু দেখিনি।’

সরেজমিনে ঘুরে দেখা গেছে, অধিকাংশ ভোট কেন্দ্রেই একই চিত্র। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোয় তার আগেই ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়। ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

বিকাল সাড়ে ৪টায় শেষ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে আজ ভোটগ্রহণ হচ্ছে। ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার ১ হাজার ২৩২ জন।

সারা দেশে স্থাপন করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি ভোট কেন্দ্র। এসব কেন্দ্রে থাকছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। প্রায় ২৪ হাজার ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।