গাজীপুরের জয়দেবপুরে অবৈধ গ্যাস ব্যবহার ও সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে অবৈধভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় ৪৫০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) গাজীপুরের পূর্ব চতর ও ভানুয়া পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে পূর্ব চতর এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় তিনজন ব্যবহারকারীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩/৪ ইঞ্চি ব্যাসের চারটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অন্যদিকে, ভানুয়া পশ্চিমপাড়া এলাকায় ‘মা-বাবার দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ অবৈধ গ্যাস সংযোগ নেয়ার বিষয়টি শনাক্ত হলে উৎসস্থল থেকে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এ সময় আরো একটি ৩/৪ ইঞ্চি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে মোট পাঁচটি ৩/৪ ইঞ্চি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি আনুমানিক ৪৫০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়।

তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, বিচ্ছিন্ন করা সংযোগের মধ্যে প্রায় ২৫০টি আবাসিক দ্বিমুখী সংযোগ ছিল। এসব সংযোগের আনুমানিক লোড ৫ হাজার ২৫০ ঘনফুট। এছাড়া একটি বাণিজ্যিক হোটেলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেখানে ২৫ সিএফটি স্টার বার্নার দুটি, সিঙ্গেল চুলা একটি এবং ডাবল চুলা একটি ছিল। ওই সংযোগের আনুমানিক লোড ৮৩ ঘনফুট।

সব মিলিয়ে অভিযানে মোট ৫ হাজার ৩৩৩ ঘনফুট/ঘণ্টা গ্যাসের লোড বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ ঘটনায় কোনো মামলা হয়নি।