বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার করেই ভোটের পরিবেশ করতে হবে। ক্ষুধা, বেকারত্ব ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে ভালো মানুষ তৈরি করতে চায় জামায়াত।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যাপক হারে মানুষ হত্যা করেছে। এসব গণহত্যার বিচার করে মানুষের চাওয়া-পাওয়া ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর এ বিচার হলেই শহীদদের আত্মা শান্তি পাবে। আহতরা ও ১৮ কোটি মানুষের শান্তি হবে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে সার্কিট হাউজ মাঠে জয়পুরহাট জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যেনতেনভাবে কোনো নির্বাচন নয়, একটি মানবিক বাংলাদেশ গড়তে জামায়াত যৌক্তিক সময় দিতে চায় অন্তর্বর্তী সরকারকে। তিনি বলেন, যারা নির্বাচনের আগে অনেক ভালো ভালো কথা বলেছিল, নির্বাচনের পর সব ভুলে গিয়ে দেশ গঠন করার পরিবর্তে জনগণের ওপর জুলুম-নির্যাতন-দমন করেছে। এর কারণ তারা কখনো আল্লাহকে ভয় করেনি এবং জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি ছিল না। তারা রাজনীতিকে একটা ব্যবসা মনে করে এসব কাজ করেছে। নির্বাচনের নামে নিশিরাতে ভোট, আবার একই দলের মধ্যে ভোটের প্রতিযোগিতা করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল।
জামায়াতের আমির বলেন, মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে, যারা লুণ্ঠনকারী, চাঁদাবাজ তাদেরকে ক্ষমতায় আনা যাবে না। জামায়াত একটি আধুনিক, বৈষম্যহীন, শোষণমুক্ত কল্যাণমুলক বাংলাদেশ গড়তে চায়, সে জন্য দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের বিকল্প নেই। তাই আগামীতে দুর্নীতিবাজরা আবারো যেন ক্ষমতায় না আসতে পারে সে জন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানান জামায়াত আমীর।
জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক মো. নজরুল ইসলাম, বগুড়া শহর জামায়াতের আমির মো. আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা আমির শাহিনুর আলম, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক প্রমুখ।
সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান।










