সুনামগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫জন যাত্রী। মঙ্গলবার সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস দক্ষিণ সুনামগঞ্জের আহসানমারা সেতু এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনায় আহত যাত্রীরা বাস থেকে বের হলেও একজন বাসটিতে আটকে যায়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে।

 

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ তৎপরতায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।