বছরের অধিকাংশ সময়ই ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকে। তবে নানা কারণে এর ব্যতিক্রমও দেখা যায়। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউ এয়ারের বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ বুধবার ঢাকার অবস্থান ১৯তম।
এদিন সকাল ১০টার দিকে এ শহরেরে এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর ছিল ৮৭। সে হিসেবে আজ ঢাকার বাতাসের মান 'মাঝারি' বা 'সহনীয়' পর্যায়ে রয়েছে।
আইকিউ এয়ারের হালনাগাদ তথ্য বলছে, ৩৬৪ একিউআই স্কোর নিয়ে আজ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ। ২৬৮ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
এছাড়া ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি, ১৬০ স্কোর নিয়ে চতুর্থ ফিলিপিনসের মেনিলা, ১৫৭ স্কোর নিয়ে পঞ্চম নেপালের কাঠমান্ডু, ১৫৫ স্কোর নিয়ে ষষ্ঠ আফগানিস্তানের কাবুল, ১৪১ স্কোর নিয়ে সপ্তম কুয়েতের কুয়েত সিটি, ১৩৩ স্কোর নিয়ে অষ্টম মিশরের কায়রো, ১১৪ স্কোর নিয়ে নবম চিলির সেন্টিয়াগো ও ১১২ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
বায়ুমান পর্যবেক্ষণকারী এ সংস্থার সূচক বলছে, বায়ুদূষণের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর। ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক।










