ইসলামী দলগুলো এক থাকতে পারলে আগামী নির্বাচনে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে। বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে তার উপযুক্ত জবাব দেয়া হবে।’
গতকাল দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, ‘জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জামায়াতের লড়াই অব্যাহত থাকবে। কারো রক্তচক্ষু তোয়াক্কা না করেই ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি আমরা। ইসলামী দলগুলোর আলাদা কোনো মার্কা নেই, আল কোরআনই হলো আমাদের প্রতীক। আগামী নির্বাচন হবে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক। জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। কোনো রকমের পেশিশক্তির ব্যবহার, নির্বাচনে ভোট কাটার চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহত করা হবে।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে হাজার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন। নেছারাবাদ দরবার শরিফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের আয়োজনে প্রতিনিধি সম্মেলন হয়।










