বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কৌশিক দেবনাথ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট-রূপসা আন্তঃজেলা মহাসড়কের ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৌশিক দেবনাথ ফকিরহাট উপজেলার ব্রাহ্মণ রাগদিয়া এলাকার কৃষ্ণপদ দেবনাথের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাটের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহী কৌশিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফকিরহাট ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কৌশিককে উদ্ধার করেন। তাকে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনায় পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক কৌশিককে মৃত ঘোষণা করেন।
ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজাহান মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত খুলনায় স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছিল।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার জানিয়েছেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া প্রাইভেট কারটি শনাক্ত করার চেষ্টা চলছে। গাড়িটি খুঁজে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।










