চট্টগ্রামের বনৌজা ঈসা খানের এরিয়া মাল্টিপারপাস হলে নৌবাহিনীর আয়োজনে মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস-২০২৪ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সেমিনার নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফ গার্ডের অংশ।
আজ সোমবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমায় চলাচলকারী জাহাজের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। দেশের ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে এ সমুদ্রসীমার গুরুত্ব বিশাল।
তিনি আরো বলেন, নৌবাহিনী ও কোস্টগার্ড সবসময় সতর্ক অবস্থানে থেকে সমুদ্রপথে নিরাপদ বাণিজ্যিক সম্প্রসারণ, মৎস্য সম্পদের ব্যবস্থাপনা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে। এছাড়া জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার ও অভ্যন্তরীণ নৌপথের নাব্য সংকট মোকাবেলায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সেমিনারে সেনা, নৌ ও বিমানবাহিনী, কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর, বিএসসি, চট্টগ্রাম কাস্টমস, মেরিটাইমসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।










