রাজধানীর বনানী থানাধীন সৈনিক ক্লাব এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুর বয়স আনুমানিক ১২ বছর।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা সিনথিয়া আক্তার জানান, বুধবার বিকাল ৩টার দিকে সৈনিক ক্লাব এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। নিহত শিশুর পরিচয় এখনো জানা যায়নি।