সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই বড় ধরনের সংকটে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের দায়বদ্ধতা নেই; ইচ্ছেমতো মন্তব্য করা হচ্ছে এবং রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এসবের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি ও সংগঠিতভাবে ‘মব’ তৈরির চেষ্টা চলছে, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।
গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ‘দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে অপপ্রচার চালানো হয় যে মনে হয় একধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে। মব তৈরি করা হচ্ছে। মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে। একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করে তাকে হেয় করা হচ্ছে। ফলে আমাদের গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।’
অনুষ্ঠানে নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই অপেক্ষা করছি, ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে যেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারি। তবে একই সঙ্গে মনে রাখতে হবে, গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা অপরিহার্য। ভিন্নতা থাকবেই। আমি আপনার সঙ্গে একমত নাও হতে পারি, কিন্তু আপনার মতপ্রকাশের স্বাধীনতাকে অবশ্যই সম্মান করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্নমত মানেই শত্রু। তাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হয়।’










