রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) মধ্যরাতে রাকসুর নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
খসড়া ভোটার তালিকা যাচাইবাছাই শেষে চূড়ান্ত তালিকায় ২৬০ ভোটারের নাম বাদ দেয়া হয়েছে। তবে খসড়া তালিকায় বাদ পড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৮৯২। এর মধ্যে ১৫ হাজার ৩৫১ ছাত্র ও ৯ হাজার ৭৪১ ছাত্রী ভোটার।
এর আগে ৬ আগস্ট নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। খসড়া ভোটার তালিকায় মোট ভোটার ছিলেন ২৫ হাজার ১৫২ জন। যার মধ্যে ছাত্র ভোটার ছিলেন ১৫ হাজার ৪৬৮ জন এবং ছাত্রী ভোটার ছিলেন ৯ হাজার ৬৮৪ জন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত চূড়ান্ত ভোটার তালিকার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাকসুর ওয়েবসাইট ও সংশ্লিষ্ট আবাসিক হলগুলোর নোটিশ বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে। চূড়ান্ত ভোটার তালিকায় কোনো ধরনের ভুলত্রুটি পরিলক্ষিত হলে নির্বাচন কমিশন তা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।’
এ ছাড়া এক বিজ্ঞপ্তিতে নির্বাচনী আচরণবিধির অনুচ্ছেদ ৫ এর ব্যাখ্যাও সংশোধন করা হয়েছে। সংশোধনী অনুযায়ী, ‘ছাত্রদের আবাসিক হলে ছাত্রী ও ছাত্রীদের আবাসিক হলে ছাত্র প্রবেশ–সংক্রান্ত’ শিরোনামে যা বোঝানো হয়েছে তা হলো— নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে প্রার্থীরা (রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি) সংশ্লিষ্ট আবাসিক হলের রিটার্নিং কর্মকর্তার পূর্বানুমতি নিয়ে নির্ধারিত সময় ও স্থানে পরিচিতি সভায় ছাত্রদের আবাসিক হলে ছাত্রী প্রার্থী ও ছাত্রীদের আবাসিক হলে ছাত্র প্রার্থী প্রবেশ করতে পারবে।
এদিকে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণে মনোনয়নপত্র বিতরণের বুধবারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫–এর মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম আজ সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল।















