অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গতকাল লন্ডনে একটি দীর্ঘ বৈঠক হয়। বিভিন্ন বিষয় নিয়ে একান্তেও কথা বলেন দুই নেতা। আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা এবং কাঙ্ক্ষিত সংস্কার ও জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচারের অগ্রগতির প্রতিশ্রুতি আসে বৈঠক-পরবর্তী যৌথ বিবৃতিতে। আর এ বৈঠক ও আলোচনা নিয়ে বণিক বার্তার কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা—

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক আপাতদৃষ্টিতে ফলপ্রসূ হয়েছে বলে মনে করি। শুরু থেকেই আমরা বিভেদ ও কাদা ছোড়াছুড়ি না করে সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়ে আসছিলাম। আমরা অনুভব করছিলাম ড. ইউনূস অযথা তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চান না, আবার বিএনপিও সংস্কারবিরোধী নয়। কিন্তু যেকোনো কারণে উভয় পক্ষে একে অন্যের প্রতি অবিশ্বাস ও সন্দেহ তৈরি হয়। কয়েকজন উপদেষ্টা ও বিএনপি নেতার অপরিণামদর্শী বক্তব্য ও নানা মন্তব্য এ দূরত্ব আরো বাড়িয়েছে। এমন প্রেক্ষাপটে লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠক সে সংকট দূর করবে বলে আমরা আশাবাদী। বিএনপি ডিসেম্বর থেকে সরে এসে রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে আর সরকারও প্রস্তুতি সম্পন্ন হলে ওই সময় নির্বাচনে কোনো আপত্তি নেই বলে যে ঐকমত্য প্রকাশ করেছে, তা বেশ ভালো অগ্রগতি বলে আমরা মনে করি।

—চেয়ারম্যান, এবি পার্টি