পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ ও আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাত্রারত নেতাকর্মীদের ওপর পুলিশি দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। সে অধিকারকে সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল, লাঠিচার্জ, বুট ও গুলির মাধ্যমে দমন করার ঘটনা নিন্দনীয় ও দুঃখজনক।

এহসানুল মাহবুব জুবায়ের আরো বলেন, পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ এবং গুলিবর্ষণের ফলে যেভাবে সাধারণ আন্দোলনকারীরা আহত হয়েছেন, তা ন্যক্কারজনক। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়া ও শতাধিক নেতাকর্মীর আহত হওয়ার বিষয়টি গভীর উদ্বেগজনক।

তিনি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান সব সময় অন্যায়, জুলুম ও দমন-পীড়নের বিরুদ্ধে। ভবিষ্যতেও ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনের পাশে থাকবে দলটি। রাষ্ট্রকে অবশ্যই দমননীতি পরিহার করে জনগণের ন্যায্য দাবি শোনার পথ বেছে নিতে হবে।