খুলনা বিভাগে সোমবার থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। কুষ্টিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।

গতকাল দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মুনজুরুল মুরশিদ এ তথ্য জানান। তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ১৩১টি নমুনা কম পরীক্ষা হয়েছে। এক হাজার চারজনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭৩। আগের দিন এ হার ছিল ১৫ দশমিক ৫৯।

বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪১৮ জনের। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৪৭ জন। করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ৩ হাজার ১৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে খুলনায় ৫০, যশোরে ৩৩, ঝিনাইদহে ২৮, কুষ্টিয়ায় ২৯, চুয়াডাঙ্গায় ছয়, সাতক্ষীরায় দুই, নড়াইলে তিন, বাগেরহাটে তিন, মেহেরপুরে এক ও মাগুরায় তিনজন করে রয়েছেন। বিভাগের মধ্যে ঝিনাইদহে শনাক্তের হার সর্বোচ্চ ৩৩ দশমিক ৭৩।

খুলনা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০২১ সালের মার্চ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি প্রতিদিনই করোনা শনাক্তের হার ৫ শতাংশের ওপর ছিল। গত বছরের ২২ সেপ্টেম্বর শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামে। এরপর থেকে ডিসেম্বর পর্যন্ত শনাক্তের হার আর পাঁচের ওপর ওঠেনি। সপ্তাহ দুয়েক আগে শনাক্তের হার ও সংখ্যা বাড়তে থাকে।