চট্টগ্রামের রহমাননগর আবাসিক এলাকার বি ব্লকে ভারি বর্ষণের কারণে দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. শফিকুল (৩০)। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায়। তিনি মাছের ব্যবসা করতেন। একই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তারা হলেন মনজিলা বেগম (৬০), তার দুই নাতি সোহান ইসলাম (৪) ও সাইফা আক্তার (২)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, রহমাননগর এলাকায় দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নিয়ে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে। এখনো সেখানে তারা কার্যক্রম চালাচ্ছেন।