বাংলাদেশের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যের অংশীদার হয়ে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ নেপাল। আজ বুধবার দুপুরে মোংলা বন্দর এলাকা পরিদর্শন শেষে বন্দর কর্তৃপক্ষের কাছে এ আগ্রহ প্রকাশ করে বাংলাদেশে নিযুক্ত নেপাল হাইকমিশনের ডেপুটি চিফ অব মিশন কুমার রাইয়ের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম. আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, মোংলা বন্দরের জেটিসহ গোটা এলাকা ঘুরে দেখেছেন নেপালে প্রতিনিধিরা। বন্দরের সম্প্রসারণসহ সুযোগ সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন তারা। নেপাল কীভাবে এ বন্দর ব্যবহার করতে পারে সে বিষয়ে জানতে চেয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। 

ক্যাপ্টেন এম. আব্দুল ওয়াদুদ জানান, বর্তমানে নেপাল ভারতের হলদিয়া বন্দর ব্যবহার করছে। তারা মোংলা বন্দর ব্যবহার করলে কিভাবে লাভবান হতে পারে সে বিষয়ে নানা দিক খতিয়ে দেখছে। নেপাল এ বন্দর ব্যবহার শুরু করলে দুই দেশই লাভবান হবে বলে মনে করেন বন্দরের এ কর্মকর্তা।

উল্লেখ্য, ২০১১ সালে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে ট্রানজিট চুক্তি হয়। চুক্তির পর এবারই প্রথম এ বন্দরে আনুষ্ঠানিক সফরে এলেন নেপালের কোনো প্রতিনিধি।