আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের জন্মজয়ন্তী আজ। ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন তিনি। কবি শামসুর রাহমানের বাবা মুখলেসুর রহমান চৌধুরী ও মা আমেনা বেগম। ১৩ ভাইবোনের মধ্যে কবি ছিলেন চতুর্থ।
১৯৪৫ সালে পুরান ঢাকার পোগোজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন শামসুর রাহমান। ১৯৪৭ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন তিনি। কর্মজীবনে দৈনিক মর্নিং নিউজ, রেডিও পাকিস্তান এবং পরবর্তী সময়ে দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলা সাহিত্যে শামসুর রাহমানের আত্মপ্রকাশ ষাটের দশকের গোড়ার দিকে। একাধারে আধুনিক ও রোমান্টিক এ কবি ছিলেন স্বদেশের প্রতি গভীর নিবেদিতপ্রাণ। ভাষা আন্দোলন থেকে শুরু করে সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলন—প্রতিটি ঐতিহাসিক মোড়ে তার কলম ছিল সোচ্চার। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে রচিত ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতা দুটি বাংলা ভাষার চিরন্তন সম্পদ। শহীদ আসাদকে নিয়ে তার উক্তি ‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা’ এবং নূর হোসেনকে স্মরণ করে ‘বুক তার বাংলাদেশের হৃদয়’—বাঙালি মানসে সংগ্রামের অমর প্রতীক হয়ে রয়েছে।










